কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এক চাঞ্চল্যকর ও বিস্ময়কর ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, রমজান আলী নামের এক ব্যক্তির মৃত্যুর প্রায় চব্বিশ বছর পর তার মরদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সম্প্রতি তার স্ত্রীর ইন্তেকাল হলে স্বামীর কবরের পাশেই নতুন কবর খনন করার সময় এই ঘটনা নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কবর খোড়ার কাজের একপর্যায়ে শ্রমিকরা প্রায় দুই যুগ আগে দাফন করা রমজান আলীর মরদেহের অংশবিশেষ দেখতে পান। স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘ ২৪ বছর পার হলেও তার শরীরে ও কাফনের কাপড়ে বিন্দুমাত্র পচন ধরেনি এবং মাটিও তা স্পর্শ করেনি। এই অলৌকিক ও চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক মানুষ কবরস্থানে ভিড় জমাতে শুরু করেন।
স্থানীয় মুসল্লি ও উলুপাড়া জামে মসজিদের ইমামের উপস্থিতিতে পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন না করে যে অবস্থায় পাওয়া গিয়েছিল, ঠিক সেই অবস্থাতেই মরদেহটি রেখে তার পাশেই রমজান আলীর স্ত্রীর দাফন সম্পন্ন করা হয়। স্থানীয়দের অনেকের বিশ্বাস, জীবদ্দশায় মৃত রমজান আলী একজন অত্যন্ত সৎ, পরহেজগার ও নিয়মিত ইবাদতকারী ব্যক্তি ছিলেন বলেই এমন অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে।
