মেহেরপুরের গাংনী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী গাড়ির চাপায় আমির হামজা (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে এবং সে ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বরাদ্দ রুটি, কলা ও ডিম নিয়ে একটি গাড়ি বিদ্যালয়ে প্রবেশ করার সময় পেছনের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় মাঠে থাকা আমির হামজা গাড়িটির ধাক্কায় চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
