বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শিক্ষাউপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার অনলাইন আবেদনের সুযোগ করে দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর। আজ শনিবার (১ আগস্ট) থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ১৫ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। সমাজসেবা অধিদপ্তরের প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহের আওতা হালনাগাদকরণের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা-বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত ৫টি বিষয়ে ভাতা ও উপবৃত্তি কার্যক্রমে এই আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম সম্পর্কে বলা হয়েছে, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ তথ্যাদিসহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের পর জমাকৃত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। উপরের লিংকে ক্লিক করার পর প্রথমে থাকা "সকল ভাতার আবেদন" অপশনে ক্লিক করলেই নির্দিষ্ট আবেদন ফরমটি পাওয়া যাবে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য বা সহযোগিতার জন্য নিকটস্থ উপজেলা কিংবা শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
