জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আর কোনো বক্তব্য না দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ‘আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব’। সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে এই ঘোষণা দেন।
তিনি দাবি করেন, এর আগে হবিগঞ্জে তার ওপর হামলা চালানো হয়েছে এবং সর্বশেষ গোলাপগঞ্জে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতেও হামলা করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বলেছে, আমি নাকি বেশি কথা বলি। তাই আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি তারা কতটুকু বাড়তে পারে।’
হবিগঞ্জের সংঘর্ষে গুরুতর আহত হয়ে দৃষ্টিশক্তি হারানো শিক্ষার্থী আলিফ চৌধুরীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব। আমরা আর কিছু বলব না।’ এছাড়া হবিগঞ্জের ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে মামলার কিছু সংশোধন আনা হচ্ছে এবং তারা সুষ্ঠু বিচার দাবি করছেন।
