নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৮ শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। গত সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে এ মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।
গ্রাম প্রধানের সচিব ডোগন রানা জানান, অতর্কিতভাবে সশস্ত্র বন্দুকধারীরা গ্রামের নিরীহ মানুষের ওপর তাণ্ডব চালায়। তারা এলোপাতাড়িভাবে গুলি ছুড়ে ও বসতবাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে পুড়ে আটজন শিশু করুণভাবে প্রাণ হারায় এবং আরও চারজন মারাত্মকভাবে আহত হন।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, এই নৃশংস হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। বর্তমানে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য প্রদেশে এসব সশস্ত্র বাহিনীর সহিংসতা নিরাপত্তার জন্য মারাত্মক রূপ ধারণ করেছে।
এদিকে কাডুনা প্রদেশের পুলিশের কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই এই হামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
