সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানি ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান। সোমবার (২৭ জুলাই) মামলাটি দায়ের করা হলে আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ (BaserKella South Chittagong) নামের একটি ফেসবুক পেজকে প্রধান বিবাদী করা হয়েছে। এ ছাড়া আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আরও চার ফেসবুক ব্যবহারকারীকে বিবাদী করা হয়। তারা হলেন—মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ এবং কাজী নুমি।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, গত ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার ভাড়া বাসায় অবস্থানকালে তিনি ফেসবুকে নিজের সম্পর্কে একটি আপত্তিকর পোস্ট দেখতে পান। ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ পেজটি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে তিনি নিজের ফেসবুক আইডি থেকে এর প্রতিবাদ জানান। তবে সেখানেও বিবাদীরা পুনরায় কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আজিজুর রহমানের দাবি, এসব মিথ্যা ও আপত্তিকর মন্তব্যের কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ জানান, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর তথ্য প্রচার করে তার মক্কেলকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এ কারণে সাইবার সুরক্ষা আইনের ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলাটি করা হয়েছে এবং আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
