সমাজসেবা অধিদপ্তরের পরিচালনায় ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন গ্রহণ ও পরীক্ষা অনুষ্ঠানের সময়সীমা বাড়ানো হয়েছে। দেশের কিছু এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হওয়ায় সমাজসেবা অধিদপ্তর এই সময়সীমা পুনর্নির্ধারণ করে জরুরি নির্দেশনা জারি করেছে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ নাসিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার পদের জন্য আবেদনপত্র গ্রহণের সময়সীমা আগামী ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া নতুন ও পুরাতন সকল আবেদন যাচাই-বাছাই, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন শেষে আগামী ৩০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে চূড়ান্ত নির্বাচিত তালিকা বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে।
নির্দেশনায় আরও জানানো হয়েছে যে, যেসব স্থানে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে, স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে তা স্থগিত বা অব্যাহত রাখার বিষয়ে স্থানীয় কমিটি সিদ্ধান্ত নেবে। লিখিত পরীক্ষার পরিবর্তে ‘ফরম-০৩ ক’ ও ‘ফরম-০৩ খ’ এর মানদণ্ড অনুযায়ী প্র্যাকটিক্যাল, মৌখিক ও জিপিআই নম্বরের ভিত্তিতে পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে।
