রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ও আলোচনা শুরু হওয়ার পর থেকেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে মূলত বিএনপির স্থায়ী কমিটি এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
রাজনৈতিক মহলে চলা আলোচনা ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই তালিকায় দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জোরালোভাবে রয়েছে। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য তালিকায় উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে এমন কাউকে বেছে নেওয়া হতে পারে যাঁদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও রাষ্ট্রীয় বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতা রয়েছে। তবে এ বিষয়ে এখনো দলের পক্ষ থেকে বা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।
