রংপুর প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে আইনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ১৪৪ ধারা জারিসহ সার্বিক পুলিশি সহায়তা চেয়ে তাজহাট থানায় চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) প্রক্টর অফিস থেকে তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর পাঠানো এক পত্রে এই অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট ২০২৬ তারিখে ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ৫ জন শিক্ষার্থী গুরুতর আহতসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঐ ঘটনার জের ধরে আজ ৪ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান গেটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই স্থানে পাল্টা-পাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহ্বান করে। ফলে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
সার্বিক পরিস্থিতি ও ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে প্রক্টর অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান স্বাক্ষরিত পত্রে ১৪৪ ধারা জারি এবং প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ গ্রহণের জন্য তাজহাট থানা পুলিশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
