এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেতে দিন গুনছেন শিক্ষার্থীরা। তাদের ফল নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবক ও শিক্ষকরাও। তবে বারবার পরীক্ষার তারিখ পেছানোর কারণে সেই উদ্বেগ আরও কিছুটা বাড়লেও শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে যে পরীক্ষার্থীদের এই অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না। চলতি মাসেই এসএসসির ফল প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, তারা আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত করার জন্য কাজ করে যাচ্ছেন। আর শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুলাই এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হতে পারে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, তারা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এখন আগামী ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুত করে ফেলা হবে এবং এরপর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তা প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ড যদি ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুত করতে পারে, তবে চলতি মাসেই ৩০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২০ মে শেষ হয়েছিল। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সেই সময় পেরিয়ে যাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে।
