সিলেট: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ মন্তব্য করেছেন, ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলাম এবং মামুনুল হক—এই তিন নেতা যদি একসঙ্গে হয়ে যান, তবে এক সপ্তাহের মধ্যেই বর্তমান সরকারের পতন অনিবার্য। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল (অব.) অলি আহমদ বলেন, "জামায়াতের রাজনীতি ১৯৭৫ সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে রকম ঐক্য, সশস্ত্র বাহিনীতেও এ রকম নাই। আজকে যদি তিনজন নেতা একসাথে হয়ে যায়—ডা. শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের ছোট ছেলে নাহিদ এবং শায়খুল হাদিস মামুনুল হক সাহেব, এক সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে। এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না।"
তিনি সরকারকে সতর্ক করে বলেন, "কারণ তারা যেকোনো সময় ২০ থেকে ৩০ লাখ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে। সায়দাবাদের রাস্তা বন্ধ করে দেবে। মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি (প্রধানমন্ত্রী) কোন দিকে দেশে থাকবেন? আপনাকে এটা বুঝতে হবে।"
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। দেশের মানুষের কথা চিন্তা করেন। মানুষ কেউ চিরদিন বেঁচে থাকবে না। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। টাকা বা পদ দিয়ে নয়। আপনাকে বেঁচে থাকতে হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা আপনার কর্মের মধ্যে প্রতিফলিত হতে হবে। জনগণ যে সংস্কার চায়, সেই সংস্কার আপনি করেন।"
প্রশাসনে নিয়োগের বিষয়ে অলি আহমদ পরামর্শ দিয়ে বলেন, "প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যখন কাউকে বিভিন্ন পদে পদায়ন করেন, তার ২০ বছর আগের ইতিহাস ঘেঁটে দেখবেন। সে কীভাবে দুর্নীতি করেছে বা দায়িত্ব পালনের সময় জনগণের সাথে কীভাবে বেইমানি করেছে, তা সুন্দরভাবে পরীক্ষা-নিরীক্ষা করে না দেখলে আপনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে।"
ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে তিনি বলেন, "আমি আগেও বলেছি, একটা বিষয়ে আপনার অসুবিধা হতে পারে। সেটা হলো একাধারে প্রধানমন্ত্রী, সংসদের নেতা এবং দলীয় প্রধান হওয়া। আমাদের প্রস্তাব ছিল, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। এই বিষয়টা নিয়ে আপনি ১১ দলীয় ঐক্যজোটের সাথে কথা বলেন। বাকি কোনো দফা নিয়ে কথা বলার প্রয়োজন নাই।"
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এলডিপি সভাপতি বলেন, "এখন তো মাঝে মাঝে শুনি আপা আসবে। এখন আপা আসবে, আবার সাথে কি দুলাভাইও আসবে কিনা! আপা তো আসবে, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হচ্ছে সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। তাহলে আপনারা প্রস্তুত থাকেন ফাঁসির রশি নিয়ে। এখানে আসলে এমনে কাজ চলবে না, এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সোহরাওয়ার্দী উদ্যানে করতে হবে।"

Post a Comment