হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার ১০১ কার্টন নিষিদ্ধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদর দপ্তর এবং এয়ারফ্রেইট সার্কেলের যৌথ দল বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকার ৮ নম্বর ডেলিভারি গেট সংলগ্ন ইয়ার্ডে এই অভিযান পরিচালনা করে। আমদানিকারক প্রতিষ্ঠান ‘সরদার গ্লোবাল ট্রেড’ সংযুক্ত আরব আমিরাত থেকে চালানটি দেশে আনে এবং কাগজপত্রে মোটর পার্টস, কসমেটিক্স ও ইলেকট্রনিক্স পণ্য ঘোষণা দেওয়া হয়েছিল।
আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ফাহিম ৫ স্টার লিমিটেড’ বিল অব এন্ট্রি দাখিল করার পর কাস্টমস গোয়েন্দা দল চালানটি আটকে পরীক্ষা করে। ১০১টি কার্টন পরীক্ষা করে ৪৫০ পিস ব্যবহৃত ল্যাপটপ, ৯৬৩ দশমিক ৮ কেজি অটোমোবাইল পার্টস, ৯৬ পিস হার্ডড্রাইভ, ২৯১ দশমিক ১৪ কেজি কসমেটিক্স, ৯৬ পিস ব্যবহৃত মিনি পিসি ও হাতঘড়িসহ ঘোষণাবহির্ভূত সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যগুলো আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত ক্যাটাগরির হওয়ায় শুল্ক-কর পরিশোধ করেও খালাস করার কোনো আইনি সুযোগ নেই।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, নিম্নমানের এসব কসমেটিক্স জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পুরোনো ইলেকট্রনিক্স সামগ্রী নতুন বলে বিক্রি করার ঝুঁকি ছিল। কাস্টমস আইন অনুযায়ী আমদানিকারક প্রতিষ্ঠান ‘সরদার গ্লোবাল ট্রেড’ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ফাহিম ৫ স্টার লিমিটেড’-এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
