বরিশালে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহকে (৩৫) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আহমদ উল্লাহ বাবুগঞ্জ উপজেলার রহমতপুুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে। পুলিশ জানিয়েছে, মামলার পর থেকেই তিনি এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০/৫০৬(২) ধারায় গুরুতর অভিযোগ আনা হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আসামি আহমদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।"
