জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করলে বিএনপি তাদের সর্বাত্মক সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, বিরোধী দলের রাজনীতি করার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে, তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে উসকানিমূলক বক্তব্য দিলে সাধারণ মানুষ তা স্বাভাবিকভাবে নেবে না।
রাশেদ খান আরও বলেন, এনসিপির নেতারা, বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ বিভিন্ন জেলায় সফরকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন, যা ঝিনাইদহের মানুষ মেনে নেবে না। তিনি জানান, আইনমন্ত্রী ঝিনাইদহ জেলার প্রতিটি উপজেলার সমান উন্নয়ন নিশ্চিত করতে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সহনশীল, আন্তরিক ও বিনয়ী নেতা উল্লেখ করে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর উচিত তাঁর রাজনৈতিক আচরণ ও সহনশীলতা থেকে শিক্ষা নেওয়া।
বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এম. এ. মজিদসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
